সম্প্রতি মুক্তি পেল সঙ্গীত শিল্পী পাভলো বন্দ্যোপাধ্যায়ের নতুন অ্যালবাম ‘হোপ অফ এ বেটার ওয়ার্ল্ড’। তাঁর প্রথম অ্যালবাম ‘লং ওয়ে টু গো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
উল্লেখ্য পাভলো বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গীত জীবন শুরু করেছিলেন ১৯৯৬ সালে। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ‘ইমোসানজ্’ নামক একটি ব্যান্ডের সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি ‘কলকাতা মিউজিক ডায়েরি’ নামে আর একটি বাংলা ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করেন। এই ব্যান্ডটি মহিনের ঘোড়াগুলি (ভারতের প্রথম রক ব্যান্ড) থেকে অনুপ্রাণিত হয়ে কাজ শুরু করেছিল। ২০১৫ সালের জানুয়ারিতে কলকাতা মিউজিক ডায়েরি-র প্রথম অ্যালবাম মুক্তি পায়। তাঁর ঠিক পরের বছরেই অর্থাৎ ২০১৬ সালে পাভলো তাঁর প্রথম বাংলা সোলো অ্যালবাম ‘স্পন্দন ক্ষরণ’ রিলিজ করেন। এই অ্যালবামে ছিল ৯ টি বাংলা গান, যার মূল বিষয়- সামাজিক উগ্রতা, দগ্ধ সমস্যা, পাচার, নারী নির্যাতন, ধর্ষণ ও কন্যা ভ্রূণ হত্যাকে কেন্দ্র করে।
নতুন অ্যালবাম ‘হোপ অফ এ বেটার ওয়ার্ল্ড’-এ পাভলো ভালোবাসার দীর্ঘ যাত্রা, যুদ্ধের নিষ্ফলতা, উদ্বাস্তু, জীবনের ধারণা এবং আশা, নীরবতার অভ্যন্তরীণ নৃশংসতা, অনাশ্রয় প্রভৃতি বিষয় গুলিকে তুলে ধরেছেন।
তাঁর কথায়, ‘‘সকলের জীবনে এমন একটা সময় আসে, যখন আমরা কিছু সমস্যার সঙ্গে সংগ্রাম করে চলি। ঝড়ের মধ্যে টিকে থাকার জন্য আমদের শক্তির প্রয়োজন হয়। পৃথিবী ধীরে ধীরে নিজের সৌন্দর্য ও সরলতা হারিয়ে ফেলছে, তাই আমাদের উচিৎ আরও সচেতন হওয়া।’’
