গল্প কুটির ওয়েব ডেস্ক|

মাসখানেক ধরেই ইউরোপের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ প্রতিষেধক আবিষ্কার নিয়ে গবেষণা চলছিল। গবেষকরা তাদের আবিষ্কার নিয়ে আশাবাদীও ছিলেন। প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের পর, ইতিমধ্যেই সেই প্রতিষেধক উৎপাদনের কাজ শুরু হয়ে গিয়েছে।

এই প্রতিষেধক উৎপাদন করছে ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক ওষুধ ও বায়োফার্মাসটিক্যাল সংস্থা ‘আস্ট্রা জেনেকা’ (AstraZeneca)। এছাড়াও এই টিকা উৎপাদন করছে ভারত। এই মুহূর্তে ভারতের সেরাম ইনস্টিটিউটে (Serum Institute of India) চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। দুই সংস্থারই টার্গেট রয়েছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণের টিকা উৎপাদন করার।

অপরদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কৃত প্রতিষেধকটির অন্তিম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জোর ব্যবস্থাপনা শুরু করে দিয়েছেন। এর আগে হিউম্যান ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল ১০,০০০ এর বেশি। এবার তাঁর থেকেও বেশি সংখ্যক মানুষের উপর চলছে তৃতীয় ট্রায়াল।  

ইকোনোমিকস টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘আস্ট্রা জেনেকা’-এর কার্যনির্বাহী প্রধান (chief executive officer) ‘পাস্কাল সরিওট’ ওই টিকার সক্রিয় কার্যকারিতার মেয়াদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই উৎপাদিত টিকাগুলি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবে আনুমানিক ১ বছর পর্যন্ত। আস্ট্রা জেনেকার সঙ্গে সাক্ষরিত চুক্তি মাফিক নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইটালিতে ৪০০ মিলিয়ন ডোজ প্রতিষেধক পাঠানো হবে।

এছাড়াও তিনি বলেছেন, “সবকিছু ঠিক মতো চললে, আমরা তৃতীয় ট্রায়ালের ফলাফল আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রকাশ করব। সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসের মধ্যেই বিশ্বের বাজারে এই প্রতিষেধক রপ্তানি শুরু করতে পারব।“

ছবিঃ শাটার স্টক