গল্প কুটির ওয়েব ডেস্ক |

করোনা মহামারীর আকার নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। বিশেষ করে ভারতের ন্যয় তৃতীয় বিশ্বের দেশগুলোর অবস্থা আরও আশঙ্কাজনক। এখনো পর্যন্ত এই মহামারীর হাত থেকে নিস্তার মেলেনি। এর প্রভাবে বিভিন্ন দোকানপাট, অফিস-কাছারি, কলকারখানা, বিভিন্ন কোম্পানি ইত্যাদি বন্ধ থাকায় দেশের অর্থনৈতিক পরিকাঠামোয় এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি কি হতে পারে তার আগাম সংকেত জানানো হয়েছিল কেন্দ্র থেকে। তবে এবার শোনা যাচ্ছে অন্য ইঙ্গিত। স্টাডি আইকিউ এডুকেশন এর একটি তথ্য অনুযায়ী, করোনার পরবর্তী পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ার বদলে হতে পারে ব্যবসায়িক উন্নতি।

একদল মনে করছেন, করোনা ভাইরাসের পরবর্তী সময়ে চিনের সঙ্গে আমেরিকা এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্কে চিড় ধরতে পারে। ইতিমধ্যেই বারংবার খবরের পাতায় উঠে এসেছে চিনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কুরুচিকর মন্তব্য। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শতাধিক মার্কিন কোম্পানি চিন থেকে নিজেদের বাণিজ্যিক শাখাগুলিকে সরিয়ে ভারতে স্থানান্তর করার কথা ভাবছে।

এই শতাধিক কোম্পানির মধ্যে বেশিরভাগই আমেরিকার বড় বড় ব্যবসায়ী কোম্পানি। ওই সকল মার্কিন কোম্পানিগুলিকে ভারতের উত্তরপ্রদেশে স্থানান্তরিত করার পরিকল্পনা চলছে।

ইকোনমিকস টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারী পরবর্তী সময়ে চিনে ব্যবসা করে এমন মার্কিন সংস্থাগুলির বিকল্প বিনিয়োগের গন্তব্য হিসাবে আত্মপ্রকাশ করতে পারে ভারত। মার্কিন সরকারের পররাষ্ট্র দফতরও সেই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ভারতের সঙ্গে যুক্ত বড় আমেরিকান সংস্থাগুলির প্রতিনিধিদের মধ্যে গত সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আমেরিকান চেম্বার অফ কমার্সের মাধ্যমে চিন থেকে স্থানান্তরিত ব্যবসায়ের সম্ভাব্য গন্তব্য হিসাবে ভারতের গুরুত্বকে তুলে ধরা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দক্ষিণ এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী থমাস বাজদার জানান, “এই মুহূর্তে চিনের বদলে একমাত্র ভারতই ব্যবসার জন্য একটি অনুকূল ক্ষেত্র হিসাবে পরিণত হতে পারে। কারণ চিনের পরে ভারতই একমাত্র দেশ যাঁদের ম্যানপাওয়ার সর্বাধিক।”

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিদেরও ভারত সরকারের কাছে প্রস্তাব রাখার জন্য বলা হয়েছে। যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রসারণের সুবিধার্থে ভারতকে প্রস্তাব দিতে পারে, এবং ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারে। এ বিষয়ে বাজদার-এর মত, “দুই দেশের মধ্যে সরকারী সম্পর্ক আরও ভালো হবে।”

দেশে মার্কিন কোম্পানিগুলি তাদের ব্যবসার সম্প্রসারণ করলে ভারতীয় বহু নাগরিকই সেই সকল কোম্পানিগুলিতে কাজের সুযোগ পাবে বলেও মনে করা হচ্ছে। সঙ্গে দেশের পরিকাঠামোরও উন্নতি হবে। যে সকল মার্কিন কোম্পানিগুলি চিন থেকে নিজেদের স্থানান্তরিত করতে পারে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রএয়ছে সিস্কো (sisco), অ্যাডোব (adobe), ইউপিএস (UPS), ফেডেক্স (FedEx), লকহিড মার্টিন (Lockheed Martin), হানিওয়েল (Honeywell), বোস্টন সাইন্টিফিক অ্যান্ড সিস্কো সিস্টেমস (Boston Scientific and cisco systems) ইত্যাদি।


প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি প্রতীকী