গল্পকুটির ওয়েব ডেস্ক|
সোশ্যাল মিডিয়ায় করোনা সম্পর্কিত নানা রকম তথ্য ভাইরাল হতে দেখা যাচ্ছে। এই সকল তথ্যগুলি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারের মাধ্যমে মানুষের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে স্বাভাবিক ভাবেই মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাঁধাকপি নিয়ে একটি পোস্ট। সেখানে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে বাঁধাকপি থেকে করোনার সংক্রমণ হয় সব থেকে বেশি। কারণ বাঁধাকপির মধ্যে এই ভাইরাস প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে আদৌ কি এই বিষয়টি সত্যি? এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে তাদের মতামত জানিয়েছে।
যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্কিত সারা বিশ্ব। প্রতিটা দেশেই সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। যেহেতু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রতিষেধক তৈরি হয়নি এই রোগের, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারি তরফে নির্দেশিত পদ্ধতিগুলি মেনে চলা ছাড়া আর কোন উপায় নেই।
তবে এর মধ্যেই বাড়ছে গুজব। কেউ বলছেন ডেটল ব্যবহার করলে করোনার সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব, আবার কেউ বলছে, প্রতিদিন অ্যালকোহল পান করলে করোনা সংক্রমণের ভয় থাকে না, আবার কারোর মতে, গরম জল খেলে করোনা নষ্ট হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর একটিকেও সত্যি বলে ঘোষণা করেনি। সম্প্রতি বাঁধাকপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, এএফপি (AFP) -এর একটি প্রতিবেদন অনুযায়ী, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। সুতরাং বোঝাই যাচ্ছে অন্যান্যগুলির মতো এটাও একটা বানানো গুজব। তাই কোনোরকম গজবে কান দেবেন না।
তবে এই সময় শুধুমাত্র বাঁধাকপি বলেই নয়, বাজার থেকে আনা যে কোনো শাকসবজি, ফলমূল বা অন্যান্য খাদ্যশস্য বাড়িতে এনে ভালোভাবে ধোয়া আবশ্যক। সঙ্গে হাত পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করা উচিত। সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে চলুন এবং সতর্ক থাকুন।
ছবিঃ পিক্সাবে

