গল্প কুটির ওয়েব ডেস্ক|
বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। এই মারণ ব্যাধিকে ঘিরে প্রথম থেকেই নানা ধরণের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেমন এই ভাইরাস গরমে বাঁচতে পারে না, এই সময় কোনোরকম ঠাণ্ডা পানীয় বা আইসক্রিম খাওয়া চলবে না, অ্যালকোহল খেলে এর সংক্রমণ থেকে বাঁচা যায়, নবীনদের সংক্রমণের ভয় নেই ইত্যাদি প্রচুর ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। এবার সেই লিস্টে যোগ হল আরও একটি বিষয়। এবার সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে ডেটলকে ঘিরে। গুজব শোনা যাচ্ছে, “ডেটলে নষ্ট হবে করোনাভাইরাস।” এই নিয়ে চারিদিকে জল্পনার শেষ নেই। এই বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হতে ডেটল সংস্থার তরফ থেকে আসল সত্যটি প্রকাশ করা হল।
জল্পনার শুরু হয় ডেটল অ্যান্টিসেপ্টিকের একটি বোতলের লেবেল ঘিরে। সোশ্যাল মিডিয়াতে ডেটলের লেবেলের ছবি পোস্ট করে দেখানো হয়েছে, লেবেল অনুযায়ী ডেটল কোন কোন ভাইরাসের মোকাবিলা করতে পারে। আর সেই তালিকায় উল্লেখ রয়েছে, এইচআইভি ১, ইনফ্লুয়েঞ্জা টাইপ এ২, হিউম্যান করোনাভাইরাস, অ্যাভিয়ান ফ্লু টাইপ এইচ ১ এন ১, হারপেসিস সিমপ্লেক্স এবং এইচএসএন ১।
এমন পরিস্থিতে ডেটলের লেবেলের ওই ছবি ভাইরাল হতেই সাধারণ মানুষ মনে করছেন, ডেটল নতুন করোনাভাইরাস ‘কোভিড ১৯’-কে মারতেও সক্ষম। এক্ষেত্রে বলা বাহুল্য করোনাভাইরাস নতুন নয়, ‘এমইআরএস-সিওভি’ এবং ‘এসইআরএস-সিওভি ’ এক প্রকার করোনাভাইরাস। যার উল্লেখ রয়েছে ডেটলে। তবে বর্তমানে বিশ্ব জুড়ে মহামারীর আকার ধারণকারী নতুন করোনাভাইরাসটির নাম ‘কোভিড-১৯’। এ বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দিতে ফেসবুকে ‘ডেটল ইউকে’-র পেজ থেকে জানানো হয়েছে, ডেটল ‘এমইআরএস-সিওভি এবং এসইআরএস -সিওভি’-র মতো করোনাভাইরাস নষ্ট করতে সক্ষম হলেও এটি নতুন ‘কোভিড-১৯’-এর উপযুক্ত মোকাবিলা করতে পারবে কি না, সে বিষয়ে এখনও পরীক্ষা করে দেখা হয়নি।
অর্থাৎ বুঝতেই পারছেন বিশ্বে ত্রাস সৃষ্টিকারী নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ ডেটল দ্বারা নষ্ট করা সম্ভব, এমন দাবি ডেটল সংস্থা নিজেও করছে না। তাই অযথা এই ধরণের গুজবে কান না দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সতর্কতা অবলম্বন করুন।
ছবিঃ সোশ্যাল মিডিয়া



