গল্প কুটির ওয়েব ডেস্ক|
পৃথিবীর বিরলতম প্রাণীদের মধ্যে একটি হল সাদা জিরাফ। কেনিয়ার গারিসায় দেখা মিলত এই প্রাণীগুলির। এই প্রজাতির জিরাফ সারা পৃথিবীতে অবশিষ্ট ছিল মাত্র ৩টি। তবে এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১টি তে। তাও আবার পুরুষ। একটি মাত্র যে মহিলা জিরাফটি বেঁচে ছিল তাকে প্রাণ হারাতে হয়েছে চোরা শিকারিদের হাতে। সুতরাং বোঝাই যাচ্ছে এই বিরল প্রাণীটি খুব শীঘ্রই পৃথিবী থেকে মুছে যেতে চলেছে। আফ্রিকা ওয়াইন্ডলাইফ ফাউন্ডেশন-এর তথ্য থেকে জানা গিয়েছে, গত ৩০ বছরের মধ্যে ৪০ ভাগ জিরাফই মারা পড়েছে চোরাশিকারিদের হাতে।
সম্প্রতি কেনিয়ার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দু’টি সাদা জিরাফের কঙ্কাল। যার মধ্যে একটি ছিল পৃথিবীর শেষ মহিলা সাদা জিরাফের কঙ্কাল। সেখানকার বনকর্মীদের মতে, চোরাশিকারিদের হাতেই প্রাণ হারিয়েছে জিরাফগুলি। তাঁরা আরও বলেন, বেশ কিছুদিন ধরেই দুটি সাদা জিরাফকে দেখতে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত খোঁজাখুঁজি শুরু করলে পাওয়া যায় তাদের কঙ্কাল। কঙ্কাল দুটি পরীক্ষা করে জানা যায়, আস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়েছে।
বিশ্বের বিরলতম এই প্রাণী কেনিয়াতে প্রথম দেখা গিয়েছিল ২০১৬ সালের মার্চ মাসে। তখন থেকেই বহু পর্যটকের নজর কেড়েছিল সাদা জিরাফগুলি। সাদা জিরাফের জন্যই কেনিয়ার ওই জঙ্গল বিখ্যাত হয়ে উঠেছিল। এই জিরাফগুলির এমন সাদা হওয়ার একমাত্র কারণ হল জিনগত ত্রুটি। এর ধরণের ত্রুটির ফলে প্রানীর শরীরের স্বাভাবিক রং বদলে ফ্যাকাসে সাদা হয়ে যায়।
কেনিয়ার ইশাকবিনি হিরোলা অভয়ারণ্যর পাশেই বসবাস করে বেশ কিছু আদিবাসী মানুষ। তারা অনেকসময় পেটের দায়ে বন্যপ্রাণী শিকার করে। তাদের মধ্যে অনেকেই শিকার করে জীবিকা নির্বাহ করে। তারা এখনও বোঝেন না বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব। ওই অঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে তেমন ভাবে সচেতনতা গড়ে না তোলার ফলেই হয়তো এই বেদনাদায়ক ঘটনাটি ঘটল। চোরাশিকারিদের হাতে প্রাণ গেল মহিলা সাদা জিরাফ এবং তার সন্তানকে।
এই ধররেন নিষ্ঠুর শিকারীদের অত্যাচারে, কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছে বহু প্রাণী। তবে এভাবেই যদি বিভিন্ন প্রজাতির প্রানীগুলি বিলুপ্ত হয়, তাহলে পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হবে। একসময় পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ নিজেও।
