গল্প কুটির ওয়েব ডেস্ক|

নেকড়ের দল মানুষের কথাও শুনছে আবার খেলাও করছে, ভাবা যায়! না না, এটা কোনও সিনেমার গল্প নয়। বাস্তবেই দেখা মেলে এমন আশ্চর্যজনক ঘটনার। উত্তর আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত অ্যানাকর্টেস শহর। সেখানেই একটি অভয়ারণ্যে দেখা যায় এই দৃশ্য।

এই মার্কিন অভয়ারণ্যের নাম ‘ প্রিডেটর্‌স অফ দ্য হার্ট’। এখানে রয়েছে বড় বড় নেকড়ে। তবে যদি ভাবেন দূর থেকে তাদের দেখে চলে যাবেন তাহলে মিস করবেন অনেক কিছুই। কারণ ওই নেকড়েগুলি মোটেই হিংস্র নয়। তারা একেবারে পোষ মানা আদুরে গোছের। এরা মানুষের নির্দেশ মেনে, কুকুরের মতো খেলা করে আবার ফোটোও তুলতে পছন্দ করে। এই অভয়ারণ্যে নেকড়েগুলি অন্যান্য সময় ছাড়াই থাকে একমাত্র দর্শকদের সঙ্গে ফটো বা সেলফি তোলার সময়েই তাদের গলায় শেকল পরিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, সমস্ত বাসস্থানহীন বন্য প্রাণীদের জন্যই এই অভয়ারণ্যটি সব সময় খোলা। নেকড়ে তো আছেই, এছাড়া কুমির, বিভিন্ন সরীসৃপ প্রাণী, নানা প্রজাতির পাখি, শেয়াল, বাঘ ইত্যাদি প্রাণীও রয়েছে সেখানে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ‘ প্রিডেটর্‌স অফ দ্য হার্ট’। তবে যেকোনোও দিন গেলেই যে তাদের দেখা মিলবে তা নয়। সপ্তাহের ছ’দিন এই অভয়ারণ্য দর্শকদের জন্য খোলা থাকলেও রবিবার বন্ধ থাকে।

ভাবতেও আবাক লাগে, আজকের দিনে বন্য প্রাণীরা বন্ধুত্বপূর্ণ আচরণ করছে! আর মানুষ নিজের স্বভাবে হয়ে উঠছে নিতান্ত হিংস্র। যদি উদ্যোগ নিয়ে সকল বন্য প্রাণী এবং তাদের বাসস্থান রক্ষা করা না যায়, তাহলে পৃথিবী থেকে তারা একে একে হারিয়ে যাবে। যেহেতু আমাদের অত্যাচারে তাদের এই হাল, তাই আমাদেরই কর্তব্য তাদের রক্ষা করা।