গল্প কুটির ওয়েব ডেস্ক|
কোনও ব্যাক্তি করোনায় আক্রান্ত কি না তা জানার জন্য পরীক্ষা করলে রিপোর্ট আসতে আসতে অনেক বেশি সময় লেগে যেত। তবে এখন সেই মুশকিল আসান হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যেই জানা যাবে করোনা টেস্টের রিপোর্ট।
দেশের এই চরম দুর্দশার সময় সন্তান প্রসবের মাত্র কয়েক ঘণ্টা আগেই, দেশের প্রথম ‘কোভিড-১৯’ টেস্টিং কিট আবিষ্কার করলেন মিনাল দাখাবে ভোঁসলে নামক এই ভারতীয় মহিলা। নতুন এই টেস্টিং কিট ব্যবহার করে মাত্র আড়াই ঘন্টার মধ্যে ‘কোভিড-১৯’ পরীক্ষার রিপোর্ট জানা যাবে। এই টেস্টিং কিট ন্যাশনাল ইন্সটিউট অব ভাইরোলজির (এনআইভি) গুণমানের মাপকাঠিতেও সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
করোনা টেস্টিং কিট আবিষ্কারের কিছুক্ষণ পরেই একটি কন্যা সন্তানের জন্ম দেন মিনাল। জানা গিয়েছে, তিনি পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনের একজন ভাইরোলজিস্ট। গত ২৮ মার্চ তাঁর তৈরি সেই কিট বাজারে পৌঁছায়। এর আগে মাইল্যাব থেকে ১৫০টি টেস্ট কিট বেঙ্গালুরু, পুনে, দিল্লি, গোয়া এবং মুম্বইতে পাঠানো হয়েছে।
আগে ‘কোভিড-১৯’ পরীক্ষার জন্য বিদেশ থেকে যে টেস্ট কিট আমদানি করা হত, তার খরচ ছিল ৪৫০০ টাকা। সেখানে মিনালের তৈরি এই দেশীয় কিটগুলোর একটি কিট ব্যবহার করে ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে। যার খরচ পড়বে মাত্র ১২০০ টাকা।
নিজের শারীরিক অবস্থা ক্রমে খারাপ হওায়ার পরেও মিনাল হাল ছাড়েননি। তিনি এবং তাঁর সহকর্মীরা গত ফেব্রুয়ারি মাস থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই টেস্টিং কিট আবিষ্কারের জন্য। শেষে ১৮ মার্চ তাঁরা তাদের গবেষণার রিপোর্ট সহ কিট জমা করেন ভারতের এফডিএ ও সিডিএসসিও’-এর হাতে। বর্তমানে এই কিট বাজারে চলে এসেছে।
ছবিঃ ফেসবুক এবং উইকিপিডিয়া (প্রতীকী ছবি)
