গল্প কুটির ওয়েব ডেস্ক|
বর্তমানে যেখানে সাহারা মরুভূমি রয়েছে ১০ কোটি বছর আগে আফ্রিকার ওই সকল জায়গায় বয়ে যেত ছোটবড় অনেক নদি-নালা। জল থাকায় সেখানে দেখা মিলত মাছ, কচ্ছপ এবং কুমিরের। আবার ডাঙায় থাকত দীর্ঘকায় নানা প্রজাতির ডায়নোসরাস।
পোর্টসমাউথ ইউনিভার্সিটির (University of Portsmouth) অধ্যাপক এবং জিবাশ্মবিদ ডেভিড মার্টিল এবং আমেরিকা ও মরক্কোর একদল গবেষক সাহারা মরুভূমিতে খুঁজে পেয়েছেন উড়ন্ত সরীসৃপদের (Flying Reptiles) নতুন তিনটি প্রজাতি। সম্প্রতি সেই গবেষনার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে ক্রিটেসিয়াস রিসার্চ জার্নালে (Cretaceous Research journal)।
ওই জার্নাল অনুযায়ী, এই প্রাণীগুলো আদতে ছিল একপ্রকার উড়ন্ত ডায়নোসরাস। যা প্রাগৈতিহাসিক মরক্কোতে বসবাসকারী টেরোসরাসের প্রজাতি। কয়েক কোটি বছর আগের এই দীর্ঘকায় প্রাণীগুলির দাঁত এবং চোয়ালের হাড়ের জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন, এই প্রাণীগুলির ছিল প্রকাণ্ড প্রকাণ্ড ডানা। যার সাহায্যে এরা আকাশে উড়ে বেড়িয়ে নিজেদের শিকার খুঁজত। গবেষণায় আরও জানা গিয়েছে, টেরোসরাস প্রজাতির এই প্রাণীগুলির একেকটি ডানা ছিল প্রায় ৩-৪ মিটার দীর্ঘ। এই মাংসাশী পাখিরা শিকারের সময় কাজে লাগাত নিজেদের তীক্ষ্ণ দাঁত এবং সুদৃঢ চোয়ালকে। শুধুমাত্র স্থলচর নয়, জলাশয়ের মাছ থেকে শুরু করে অন্যান্য প্রাণীদেরকেও এরা শিকার হিসাবে বেছে নিত।
আমরা এর আগে পৃথিবীর অন্যান্য মহাদেশের ডায়নোসরদের অস্তিত্ব সম্পর্কে নানা তথ্য জেনে থাকলেও আফ্রিকা মহাদেশের ডায়নোসরাসদের বিষয়ে আমরা তেমন একটা জানি না বললেই চলে। সেখানে আফ্রিকার ওই প্রাগৈতিহাসিক প্রাণীদের সম্পর্কে জানতে পেরে বিজ্ঞানীরা খুবই আনন্দিত। জানা গিয়েছে, তাঁরা এ বিষয়ে আরও গবেষণা করছেন।
ছবিঃ (প্রতীকী) উইকিওয়ান্ড
