গল্প কুটির ওয়েব ডেস্ক|

করোনা অতিমারীর কারণে বিপর্যস্ত সমগ্র বিশ্বের অর্থনীতি। তবে এরফলে যারা আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে একজন হলেন শিল্পীরা। দীর্ঘ লকডাউনে এতদিন বন্ধ ছিল সবকিছু, কিছু কিছু করে বিভিন্ন সংস্থা খুলতে শুরু করলেও নিজেদের শিল্পকলাকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন না শিল্পীরা। কিন্তু তা বলে তারা তো আটকে রাখতে পারেন না নিজের শিল্পীসত্তাকে। না পারেননি বিহারের পুরস্কার প্রাপ্ত মধুবনী শিল্পী ‘রেমান্ত কুমার মিশ্রাও’।

এপ্রিল মাসেই শুরু করেন বর্তমানে অতিপ্রয়োজনীয় মাস্ক তৈরির কাজ। না সাধারণ মাস্ক নয়, তিন লেয়ারের কাপড়ের উপর নিজে হাতে ফুটিয়ে তুলতে শুরু করেন মধুবনী চিত্রকলা। কিন্তু কিনবে কে সেই মাস্ক? নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করতে শুরু করেন মাস্কের ছবি। তাও বিক্রি হচ্ছিল না তেমন। অর্থ কষ্টে পরেন শিল্পী।

কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে স্বেচ্ছায় মাস্কের প্রচার শুরু করেন প্রখ্যাত লেখক ও সমাজসেবী অদ্বৈতা কলা। শিল্পীর নাম ও ফোন নম্বর সহ শেয়ার করেন মাস্কের ছবি। এরপরই ফোনের বন‍্যা শুরু হয় রেমান্ত মিশ্রার ফোনে। বর্তমানে দৈনিক ৩০০-এর বেশি অর্ডার পাচ্ছেন এই শিল্পী। একটি মাস্কের দাম ৫০টাকা। ক‍্যুরিয়ারে বাড়ি পৌছে দেওয়ার সুবিধাও রয়েছে। বলিউড তারকা রবিনা টান্ডানও রয়েছেন অর্ডারকারীর তালিকায়।

এভাবেই নিজের উপার্জনের পাশাপাশি অন‍্য মধুবনী শিল্পীদেরও আজ রুজির ব‍্যবস্থা করে দিয়েছেন মিথিলা নিবাসী এই শিল্পী। অর্থাভাবে থাকলে আপনিও পারেন এরকম কোনো বিকল্প রুজির ব‍্যবস্থা করে নিতে।

ছবি ঋণ: রেমান্ত কুমার মিশ্র