গল্প কুটির ওয়েব ডেস্ক|

চটজলদি মানি ট্র্যান্সফারের ক্ষেত্রে আমারা অনেকেই পেটিএম ব্যবহার করে থাকি। তার জন্য পেটিএম তার গ্রাহকদের দেয় অনেক সুযোগসুবিধা ও ছাড়। তবে জানিয়ে রাখি, পেটিএম গ্রাহকদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। এখন থেকে পেটিএম ওয়ালেটে টাকা রিচার্জের জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ। চলতি বছরের শুরুর দিন থেকেই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল পেটিএম সংস্থা। এই নিয়মানুযায়ী কোনও গ্রাহক যদি তার পেটিএম অ্যাকাউন্টের ওয়ালেটে ১০,০০০-এর বেশি টাকা রাখতে চাইলে দিতে হবে বাড়তি চার্জ। এমনটাই জানানো হয়েছে পেটিএম সংস্থার পক্ষ থেকে।

প্রথমে ২০১৭ সালে পেটিএম সংস্থার তরফ এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। কিছুদিন চালু থাকার পর ওই বছরেরই মার্চ মাসে সংস্থা থেকে নিয়মটি বন্ধ করে দেওয়া হয়। নতুন বছরের শুরু থেকে এই নিয়মটি পুনরায় চালু করেছে সংস্থা। ১০,০০০ টাকার বেশি রাখার জন্য মোট টাকার ১.৭৫ শতংশ ও জিএসটি মিলিয়ে বাড়তি চার্জ দিতে হবে। তবে বলে রাখি, এই শর্তটি শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। ডেবিট কার্ড অথবা ইউপিআই ব্যবহার করে পেটিএম ওয়ালেট রিচার্জ করলেও কোনোরকম বাড়তি চার্জ দিতে হবে না।

এই নিয়মটির কারণ হিসাবে জানা যায়, ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা প্রথমে পেটিএম ওয়ালেটে টাকা ট্রান্সফার করে। তারপর সেই টাকা প্রয়োজন মতো ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারা। এর ফলে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তোলার বিষয়ে কোনও রকম সুদের বিষয় থাকে না। তাই শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা রাখার ক্ষেত্রেই পেটিএম সংস্থা বাড়তি চার্জের কথা ঘোষণা করেছে।

জেনে নিন কীভাবে নেওয়া হবে এই অতিরিক্ত চার্জ

  • ধরুন, আপনার এই মাসে পেটিএম ওয়ালেট থেকে প্রথম ট্রানজেকশনের পরিমাণ যদি ১২,০০০ টাকা হয় তাহলে পুরো ১২,০০০ টাকার উপর চার্জ নেওয়া হবে। এর জন্য আপনাকে অতিরিক্ত ২৪০ টাকা চার্জ করা হবে।
  • ১০,০০০ -এর কম টাকা একাধিকবার লেনদেনের ক্ষেত্রে যদি প্রথম ট্রানজেকশন হয় ১০০০ টাকা এবং দ্বিতীয় ট্রানজেকশন ২০০০ টাকা। দুটি ট্রানজেকশনের একটির ক্ষেত্রেও চার্জ নেওয়া হবে না। ওই মাসে ওয়ালেটে থাকা মোট অর্থের পরিমাণ হবে ৩০০০ টাকা। অতএব, ৭০০০ টাকা পর্যন্ত কোনও ট্রানজেকশনের জন্য চার্জ নেওয়া হবে না। তবে, আপনি যদি ওয়ালেটে আরোও ৭০০১ টাকা রাখেন তাহলে পরবর্তী সমস্ত ট্রানজেকশনের জন্যও চার্জ নেওয়া হবে।
  • আবার ধরুন ওয়ালেটে প্রথমে ১০০০ টাকা রাখলেন। দ্বিতীয় ট্রানজেকশনে ২০০০ টাকা, তৃতীয় ট্রানজেকশনে ৩,০০০ টাকা এবং চতুর্থ ট্রানজেকশনে ৪,০০০ টাকা। চারটি লেনদেনের কোনওটিই চার্জ করা হয় না কারণ টাকার মোট পরিমাণ সে ক্ষেত্রে ১০,০০০ টাকা থাকছে। তবে এর পরবর্তী সমস্ত ট্রানজেকশনের জন্য নিয়ম মাফিক চার্জ নেওয়া হবে।