গল্প কুটির ওয়েব ডেস্ক|
আগে শীত আসতে
না আসতেই বাড়ির ঠাকুমা, দিদিমারা নিজেদের হাতে উল দিয়ে সোয়েটার বুনে দিতেন। শুধু
বাড়িতেই নয় এক সময় হাতে বোনা সোয়েটার দোকানেও বিক্রি হতো। সেই হতে বোনা সোয়েটারের
চল এখন প্রায় উঠে গিয়েছে বললেই চলে। বর্তমানে উন্নত মানের মেশিনের প্রচলন দেখা যায়।
যা থেকে কম সময়ে মধ্যে সহজেই সোয়েটার বোনা সম্ভব। মেশিনে বোনা ফ্যাশনেবল সোয়েটারের
রমরমাই বাজারের সর্বত্র দেখা যায়। কিন্তু জানেন কি হাতে উল বোনা আমাদের শারীরিক ও
মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত সময় করে যদি উল বোনা যায়, তাহলে শরীর-স্বাস্থ্য ভাল
থাকে। এর ফলে মানসিক অবসাদ, হতাশা, উদ্বেগ, শারীরিক ব্যাথা, ডিম্নেশিয়ার মতো রোগ থেকে
অতি সহজেই মুক্তি পাওয়া যায়। ব্রিটিশ জার্নাল অফ অকুপেশনাল থেরাপিতে প্রকাশিত হওয়া
একটি হেলথ রিপোর্টে বলা হয়েছে, উল বুনলে মন হালকা হয় ও খুশি থাকা যায়।
এছাড়াও একটি সংস্থা থেকে জানা গিয়েছে, উল বোনার ফলে শরীর ভালো থাকে। বিভিন্ন মানুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে উল বোনা শুরু করার পর থেকেই অনেকের স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে।
তবে কেন এমনটা হয়? উলে কী এমন আছে, যার ফলে মানুষ সুস্থ্য থাকবে? তাহলে বলি গবেষকরা এর কারণ হিসাবে বলেছেন, উল কাঁটার সাহায্যে বোনার সময় এক বিশেষ পদ্ধতিতে হাত চালনা করা হয়। এর ফলে হাতে বারবার উল স্পর্শ করে। আর উলের সেই নরম ও মসৃণ স্পর্শের ফলেই আমাদের মস্তিষ্ক থেকে সেরোটোনিন নামক একটি হরমোন ক্ষরণ হয়। এই হরমোনটি আমাদের মন ভালো রাখতে সাহায্য করে থাকে। গবেষকরা আরো জানান, উল বোনার ফলে হার্টও ভাল থাকে।
তাই খুশি এবং সুস্থ্য রাখতে অবসরে অভ্যাস করতেই পারেন উল বোনার।
