গল্প কুটির ওয়েব ডেস্ক|

ভারতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তা নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে ২৩ মার্চ বিকেল ৫টা থেকে লকডাউন জারি থাকবে। এই নির্দেশিকা জারির পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, লকডাউনের নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ। তাই যে আইন ভাঙবে বা ভাঙার চেষ্টা করবে তার শাস্তি হবে। এই আইন ভাঙলে কী শাস্তি হবে জেনে নিন…

এই নতুন আইন অনুযায়ী, কেউ যদি জোর করে লকডাউনের নিয়ম লঙ্ঘন করেন, ওই ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা রুজু হবে।

এক্ষেত্রে সরকারি নির্দেশ অমান্য করার জন্য প্রযোজ্য হবে ১৮৮ ধারা। ২৬৯ ধারা প্রযোজ্য হবে সংক্রামক ব্যাধি ছড়ানোর জন্য, এটি জামিন অযোগ্য। জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রমণ ব্যাধি ছড়ানোর জন্য ২৭০ ধারা লাগু হবে। এক্ষেত্রেও জামিন হবে না। এমনকি ২ বছর পর্যন্ত জেলও হতে পারে। ২৭১ ধারা বলবৎ হবে কোয়ারেন্টাইনে থাকার আইন লঙ্ঘন করলে।

গতকাল অর্থাৎ ২২ মার্চ নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ বিকেল ৫ টা থেকে শুরু করে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত পশ্চিমবঙ্গে জারি থাকবে লকডাউন। এর পরবর্তী সময়ে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে। লকডাউন ঘোষণা করার পর থেকেই রাজ্য সরকার সকল ব্যাক্তিকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। এই সময় সকলে চেষ্টা করবেন একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখার কথা জানানো হয়েছে। এছাড়াও বিদেশ থেকে যারা ফিরেছেন তাদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই কোনোরকম নিয়ম না ভেঙে নির্দেশিকা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।  

ছবিঃ গেটি ইমেজেস