গল্প কুটির ওয়েব ডেস্ক|
মিষ্টি জলের অন্যতম বৃহত্তম প্রজাতির মাছ হল চাইনিজ প্যাডেলফিশ। সম্প্রতি চিনের ফিশারি বিশেষজ্ঞদের একটি গবেষণা থেকে জানা যায় পৃথিবীর বুক থেকে সম্পূর্ন ভাবে মুছে গিয়েছে এই চাইনিক প্যাডেলফিশ। কয়েক মিলিয়ন বছর ধরে বেঁচে থাকা এই প্রাণীটির নিশ্চিহ্ন হওয়ার একমাত্র কারণ হল মানুষের অত্যাচার।
চীনের ইয়াংটজ্ নদীতে আগে প্রচুর পরিমাণে চাইনিজ প্যাডেলফিশের দেখা পাওয়া যেত। সেই মতো ২০০৩ সালে একটি গবেষক দল ওই নদীতে চাইনিজ প্যাডেলফিশের সন্ধানে যায়। তবে সেখান থেকে মাত্র একটি প্যাডেলফিশ পেয়েছিলেন তাঁরা। তারপর ২০০৯ সালে ‘ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার’ (International Union for Conservation of Nature) চাইনিজ প্যাডেলফিশকে বিশেষ ভাবে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত বলে গণ্য করে। বিজ্ঞানীরা আগে থেকেই অনুমান করেছিলেন ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এই প্রাণীটি। সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর কোথাও আর এই প্রজাতির মাছ বেঁচে নেই।
এই দৈত্যাকার প্রাণীটি তার রূপালি রঙ ও দীর্ঘ স্নুটের জন্য বিখ্যাত ছিল। চাইনিজ প্যাডেলফিশের দৈর্ঘ্য সাধারণত ৭ মিটার (২৩ ফুট) এবং ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম (৯৯২ পাউন্ড)। চাইনিজ প্যাডেলফিশকে অনেকে ‘চাইনিজ স্বরফিশ’ হিসাবেও চেনেন।
বিজ্ঞানীদের মতে এই প্রাচীন প্রজাতির মাছগুলি প্রায় ২০০ মিলিয়ন বছর আগে অর্থাৎ জুরাসিক যুগের শেষের দিকে জন্ম নিয়েছিল। তাদের মধ্যে যে দুটি প্রজাতির জীবিত থাকার কথা জানতেন বিজ্ঞানীরা তা হল আমেরিকান প্যাডেলফিশ ও চাইনিজ প্যাডেলফিশ।
প্রথমের দিকে চিনের পূর্ব প্রান্তের বহু নদীতেই প্যাডেলফিশ দেখা যেত। তবে পরবর্তীকালে শুধুমাত্র ইয়াংটজ্ নদী ছাড়া অন্য কোথাও দেখা যেত না এই মাছ। ১৯৭০ সাল থেকেই এই প্রজাতির মাছ কমতে থাকে। কারণ হিসাবে জানা যায়, অতিরিক্ত পরিমাণে মাছ ধরা এবং মাছেদের বাসস্থান ভেঙে ফেলার জন্যই এই মাছ কমতে থাকে। শুধু তাই নয়, নদীতে বাঁধ নির্মাণ করা হলে প্যাডেলফিশের যাতায়াত পথ বন্ধ হয়ে যায় এবং নদীর উপরের প্রান্তে এরা প্রজনন থেকে বিরত থাকে। ফলে ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়ে চাইনিজ প্যাডেলফিশ। সরকারী তরফে থেকে চাইনিজ প্যাডেলফিশ সংরক্ষণ প্রক্রিয়া চালু করলেও শেষমেশ বিলুপ্ত হয়ে গেল এই বিরল প্রজাতির মাছ।
এক দিকে পরিবেশ দূষণ এবং অপরদিকে মানুষের আবাধ চাহিদার জন্য পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে বহু প্রাণী। সম্প্রতি এই তালিকাভুক্ত হল চাইনিজ প্যাডেলফিশও। বিশেষজ্ঞদের মতে পৃথিবী থেকে এভাবে প্রাণী বিপন্ন হওয়ার ফলে বিঘ্নিত হচ্ছে বাস্তুতন্ত্র। এভাবেই চলতে থাকলে একসময় ধ্বংসের দিকে এগিয়ে যাবে পৃথিবী।

