গল্প কুটির ওয়েব ডেস্ক|

বাঙালি মানেই কিন্তু ভোজনপ্রেমী। বাঙালির মাছ-ভাত ছাড়া যেমন জমে না, ঠিক তেমনই পাতে চাই রকমারি নিরামিষ পদ। বাজার থেকে টাটকা সবজি এনে ঝালে-ঝোলে-অম্বলে তৈরি হয় বিভিন্ন পদ। আর এই সকল সবজিগুলোর মধ্যে বাড়িতে প্রায় দিনই আসে বেগুন। আর বেগুন দিয়েও বানানো হয় হরেকরকম পদ। যেমন, কাশ্মীরি বেগুন, নিম-বেগুন, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন বাহার ইত্যাদি। এই সকল নিরামিষ পদগুলি ছাড়াও বেগুন দিয়ে বানানো হয় আরও একটি সুস্বাদু নিরামিষ পদ। নাম ‘দই বেগুন’। রোজকার খাবারের স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন দই বেগুন। এটি দেখেতে যেমন লোভনীয়, খেতেও ততটাই সুস্বাদু। কীভাবে বানাবেন ‘দই বেগুন’, জেনে নেওয়া যাক।

উপকরনঃ

  • বেগুনঃ ১-২ বেগুন (৪০০)
  • দইঃ টক দই ১ কাপ
  • নুনঃ স্বাদ মতো
  • আদাঃ ১ চামচ
  • শুকনো লঙ্কাঃ ২-৩ টি
  • চিনিঃ স্বাদ মতো
  • পাঁচফোড়নঃ আধ চা-চামচ
  • হলুদ গুঁড়োঃ ১ চা-চামচ
  • শুকনো লঙ্কা গুঁড়োঃ সামান্য
  • হিংঃ সামান্য
  • গরম মশলা গুঁড়োঃ ১/৪ চা-চামচ
  • ধনে গুঁড়োঃ আধ চা-চামচ
  • কাজুঃ ১০টা
  • সর্ষের তেলঃ ৫ চামচ

প্রণালীঃ

১। বেগুনগুলো ভাল করে ধুয়ে নিয়ে চাকা চাকা করে কাটতে হবে। এরপর তাতে নুন, চিনি, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।

২। এবার একটা পাত্রে পরিমাণ মতো টক দই ঢেলে ভাল করে ফেটিয়ে নিন। একে একে তাতে ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।  

৩। কড়াইতে ৪ চামচ তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে বেগুনগুলো ভাজতে থাকুন। তবে বেশি ভাজবেন না, অল্প ভাজা হলেই তুলে নিন।

৪। বেগুন নামিয়ে ওই কড়াইতে আরও ১ চামচ তেল দিয়ে সামান্য হিং, পাঁচফোড়ন ও ২টি শুকনো লঙ্কা ফোঁড়ন হিসাবে দিন। এরপর তাতে পরিমাণ মতো কাজুবাদাম বাটা, লঙ্কার গুঁড়ো, আদা বাটা ভাল করে নাড়তে থাকুন। ৪-৫ মিনিট পর, টক দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। সামান্য কষিয়ে আধ ভাজা বেগুনগুলো দিয়ে দিন।  

৫। এরপর আধ কাপ জল এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে ঢাকা দিয়ে দিন। বেগুনগুলো সেদ্ধ হয়ে গেলেই তৈরি ‘দই বেগুন’।  

    ছবিঃ সোশ্যাল মিডিয়া