গল্প কুটির ওয়েব ডেস্ক|

নিরামিষ থেকে আমিষ, বেশিরভাগ রান্নাতেই আমরা হলুদ ব্যবহার করি। তবে হলুদ শুধুমাত্র রান্নার জন্যই উপযোগী নয়, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। হাজার বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ায় হলুদের ব্যবহার চলে আসছে। এছাড়াও আমাদের দেশে প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে এর ব্যবহার রয়েছে। তাই হলুদকে স্বাস্থ্যকর ভেষজও বলা চলে।
হলুদে রয়েছে কারকিউমিন নামক একটি বিশেষ উপাদান, যার দ্বারা বিভিন্ন রোগের নিরাময় সম্ভব। এছাড়াও এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আসলে হলুদ এতটাই ঔষধি গুণে সমৃদ্ধ যে, এর দ্বারা বিভিন্ন রোগ সারিয়ে ওঠা যায়। তাহলে আর দেরি কীসের? চলুন জেনে নেওয়া যাক হলুদের বহুমুখী উপকারিতা।

হলুদের বহুমুখী গুণঃ

ক্রনিক অ্যান্টিরিয়ার ইউভেইটিস সারাতে সাহায্য করেঃ হলুদের মধ্যে থাকা ‘পলিফেনল’ চোখের ‘ক্রনিক অ্যান্টিরিয়ার ইউভেইটিস’ সারানোর জন্য দারুণ উপকারি।

ত্বক ভালো রাখেঃ নিয়মিত কাঁচা হলুদ খেলে বা মাখলে ত্বক ভালো থাকে। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা, তৈলাক্তভাব দূর করে এবং বলিরেখা দূর করে ত্বককে উজ্বল রাখতে সাহায্য করে।

নিয়মিত ঋতুস্রাব নিশ্চিত করেঃ যাদের অনিয়মিত ঋতুস্রাব হয় তাদের জন্য হলুদ খুবই উপকারি। হলুদের মধ্যে থাকা বিশেষ উপাদান কারকিউমিন আমাদের শরীরে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যাও দূর হয়।

মস্তিষ্কের নানা সমস্যা দূর করেঃ হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান মস্তিষ্কের নানা অসুস্থতা সারিয়ে উঠতে দারুণ উপকারি। এতে হতাশাজনিত অসুস্থতাও দূর হয়, এছাড়া কারকিউমিন মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে।

লিভার ভালো রাখেঃ হলুদ লিভারের নানা রোগ যেমন লিভারের বৃদ্ধি, সিরোসিস, গলব্লাডার এবং হেপাটাইটিস প্রতিরোধের জন্য বিশেষ ভূমিকা রাখে। প্রতিদিন সকালে যদি ৫-৬ ফোঁটা কাঁচা হলুদের রস এক চাচামচ মধুর সঙ্গে খাওয়া যায়, তাহলে লিভারের সমস্যায় উপকার পাওয়া যাবে।

শ্বাসক্রিয়াকে ভালো রাখেঃ ঠাণ্ডা লাগা, গলা ব্যাথা, অ্যালার্জি, সর্দি-কাশি, হাঁপানি, কফ, ব্রংকাইটিস ইত্যাদি সমস্যায় হলুদ ওষুধের মতো কাজ করে। এক্ষেত্রে সামান্য গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ক্যানসার রোধ করেঃ হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা কোলন, পাকস্থলী, ত্বক এবং স্তন ক্যানসার রোধে বিশেষ ভূমিকা পালন করে।

হজম ক্ষমতা বাড়ায়ঃ হলুদ আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই উপকারি। পাকস্থলীর গ্যাস্ট্রিকজাতীয় সমস্যাও দূর করে। এছাড়া, প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদের রসে সামান্য লবন মিশিয়ে খেতে পারলে কৃমির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ওজন হ্রাস করেঃ গবেষণায় দেখা গিয়েছে, খাবারে বা কাঁচা হলুদ নিয়মিত খেলে ওজন হ্রাস করা সম্ভব। এটি আমাদের শরীরে ওজন বৃদ্ধিকারী টিস্যুগুলির বিস্তার রোধ করে, মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে মেদ জমতে পারে না এবং সহজেই ওজন কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ হলুদ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শরীরে কোনোরকম ক্ষতিকারক জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তা সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর্থ্রাইটিসের সমস্যা দূর করেঃ যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হলুদ খেলে উপকার পাবেন। কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা হাড়কে সুরক্ষিত রাখে এবং নড়াচড়ার ক্ষেত্রে ব্যথা দূর করে।

হৃদযন্ত্রকে সুস্থ রাখেঃ হলুদ আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। হলুদে থাকা উপাদান রক্তনালীকে উন্মুক্ত করে রক্ত চলাচলের ক্ষেত্রে সমস্যা দূর করে।

তবে মনে রাখা প্রয়োজন, যারা বিভিন্ন রোগ বা সমস্যায় ভুগছেন তারা শুধুমাত্র হলুদের ভরসায় না থেকে অবশ্যই চিকিৎসকের সাহায্য নেবেন। না হলে, গুরুতর সমস্যা থাকলে হিতে বিপরীত হতে পারে।
ছবিঃ পিক্সাবে