গল্পকুটির ওয়েব ডেস্ক|

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একসঙ্গে অনেক মানুষের কাছে ভুয়া খবর সহজেই ছড়িয়ে দেয়া হয়। এই সমস্যা নতুন নয়। তবে ইদানিং এই সমস্যা একটু বেশিই দেখা দিয়েছে। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলির মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো খবরের প্রচার সবথেকে বেশি হয়ে থাকে। এই ধরনের সমস্যার সমাধান করতে এর আগে একাধিক ব্যবস্থা নিয়েছে এই মার্কিন কোম্পানিটি। ডাব্লিউএবিটাইনফো (WABetaInfo)-এর ওয়েবসাইটে প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, ভুয়ো খবরের প্রচার বন্ধ করতে এবার নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। তবে এ নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে।

জেনে নিন কীভাবে কাজ করবে নতুন ফিচার-

এই নতুন ফিচারে সহজেই ধরা পড়বে কোন মেসেজ সঠিক না ভুয়ো। তবে তা সব মেসেজের ক্ষেত্রে কার্যকরী হবে না। শুধুমাত্র যে সকল মেসেজগুলি বহুবার ফরওয়ার্ড হয়ে আমাদের কাছে এসে পৌঁছয় সেই সকল মেসেজগুলির সত্যতা যাচাই করতেই এই ফিচার।

হোয়াটসঅ্যাপে যে সকল মেসেজ একাধিকবার ফরওয়ার্ড হয় সেগুলির পাশে বাঁদিকে ফরওয়ার্ডেড লেখা সহ জোড়া অ্যারো চিহ্ন দেখা যায়। এবার সেই ফরওয়ার্ডেড লেখা মেসেজ গুলির পাশে ডান দিকে একটি সার্চ অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে টাচ করলেই ওই মেসেজটি গুগল সার্চ করে নেওয়া যাবে। আর সেখান থেকেই জানা যাবে মেসেজটির সত্যতা কতটা।

আপাতত হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.৯৪ –তে রয়েছে। করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকেই কোভিড-১৯ সম্পর্কিত নানা ধরনের ভুয়ো সম্প্রচার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি কার্যকরী হলে, এই ধরনের মিথ্যা প্রচারগুলি বন্ধ করা অনেকাংশে সম্ভব হয়।

ছবিঃ পিক্সাবে