গল্প কুটির ওয়েব ডেস্ক।
নব্বইয়ের দশকের যেসব ধারাবাহিকগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল তার মধ্যে অন্যতম শক্তিমান। শক্তিমানের টাইটেল ট্র্যাক শুরু হওয়ার আগে থেকেই নব্বইয়ের দশকের খুদেরা টিভির সামনে বসে যেত। তখন ছিলনা কেবল টিভির রমরমা, ছিল না হাজার হাজার চ্যানেলের হাতছানি, সেইসময় শক্তিমান শিশুমনের ফ্যান্টাসিকে যেন অদৃশ্য একটা ডানা দিত, যাতে ভর করে শিশুমন হারিয়ে যেত অজানার উদ্দেশ্যে। ছেলেবেলার স্মৃতিকে আরও একবার চাঙ্গা করার জন্য ফের টেলিভিশনে শুরু হতে চলেছে শক্তিমান।
সারা দেশে করোনা যেভাবে থাবা বসাতে শুরু করেছিল তাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশ জুড়ে জারি করা হয়েছে ২১ দিনের লকডাউন। গৃহবন্দি মানুষকে বিনোদন দিতে প্রসার ভারতী এবং কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। যার ফলে ১ এপ্রিল থেকে ‘শক্তিমান’ পুনরায় টেলিকাস্ট করা হবে দুরদর্শন অর্থাৎ ডিডি ন্যাশনালে। এক তারিখ থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো- এক ঘণ্টার স্লটে সম্প্রচারিত হবে শক্তিমান। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০০৫ সালের ২৭ মার্চ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। প্রতিদিন আধ ঘণ্টা করে সম্প্রচারিত হত। ধারাবাহিকে মোট ৫২০টি এপিসোড ছিল। তবে লকডাউন পিরিয়ডে মানুষকে বাড়িতে বসিয়ে রাখতে এক ঘণ্টা করেই সম্প্রচারিত হবে শক্তিমান। নব্বই-এর দশকের যাদের ছেলেবেলা কেটেছে বলাবাহুল্য তাদের ছেলেবেলার সেই স্মৃতি ঝালিয়ে নেওয়া যাবে আরও একবার।
জনপ্রিয় এই ধারাবাহিকে একসঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। একাধারে শক্তিমান এবং পণ্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমকার নাথ শাস্ত্রী-র ভুমিকায় অভিনয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি। সেইসময় তাঁকে সবাই তাঁর আসল নামের বদলে শক্তিমান নামেই চিনতেন। নব্বইয়ের দশকের খুদেদের কাছে তিনি শক্তিমান নামেই পরিচিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৮ মার্চ থেকে সকাল এবং রাতে এক ঘণ্টা করে সম্প্রচারিত হচ্ছে আশির দশকের কালজয়ী পৌরাণিক ধারাবাহিক রামায়ণ। দুরদর্শনে সকাল ৯টা এবং রাত ৯টা থেকে দেখুন রামায়ণ।
