গল্পকুটির ওয়েব ডেস্ক|

সাধারণ জ্বর সর্দি কাশি আগে নেহাত সামান্য বিষয় ছিল। কিন্তু বর্তমানে তা সকলের কাছেই প্রায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর এক মাত্র কারণ কভিড ১৯ বা করোনা ভাইরাস। এই ভাইরাসের উপসর্গগুলি প্রথমদিকে সাধারণ জ্বর-সর্দি-কাশির সঙ্গে অনেকাংশেই মিলে যায়। এ অবস্থায় চিকিৎসকেরা জানাচ্ছেন, জ্বর, সর্দি, কাশি হলেই অযথা আতঙ্কিত না হতে।

রুবি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ সরকারের কথায়, ”সিজন বদলানোর সময় এগুলো হয়েই থাকে। গুজব শুনে অযথা আতঙ্কিত না হওয়াই ভালো।”

কিন্তু প্রশ্ন হল, করোনা ভাইরাসে আক্রান্ত হলে তা আলাদাভাবে বোঝা যাবে কীভাবে। সেক্ষেত্রে তাঁর বক্তব্য, ” যদি দেখেন আপনার জ্বর হয়েছে, সঙ্গে শুকনো কাশি এবং একই সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে এবং এগুলো ২ দিন, ৩ দিনের বেশি স্থায়ী হচ্ছে, সেক্ষেত্রে বিষয়টা চিন্তার হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে তিনি হয়তো করোনা ভাইরাস টেস্টের পরামর্শ দিতে পারেন।”

সর্বভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমস-এর একটি প্রতিবেদন এ বিষয়ে কী বলছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক —

১. যদি আপনার শুধুমাত্র শুকনো কাশি হয় তাহলে এটি করোনার লক্ষণ ধরে নেওয়ার কারণ নেই। এর কারণ দূষণও হতে পারে।
২. কাশির সঙ্গে যদি নাক থেকে জল পড়ে তাহলেও আতঙ্কিত হবেন না। এর জন্য অ্যালার্জি দায়ী হতে পারে।
৩. করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, তা হল জ্বর, কাশি, গলা ব্যথা এবং তার সঙ্গে শ্বাসকষ্টও। কারণ এই ভাইরাস ফুস্ফুসে সংক্রমণ করে। তবে মনে রাখবেন পরীক্ষা না করে করোনায় সংক্রমণ হয়েছে বলে দাবি করলে চলবে না।

প্রসঙ্গত, যাদের বয়স বেশি এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, করোনা ভাইরাস তাঁদের বেশি ক্ষতি করছে। সতর্ক থাকতে কিছু সাধারণ নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • কিছুদিন ভিড়ভাট্টা এড়িয়ে চলুন।
  • কারো সঙ্গে দেখা হলে করমর্দন করবেন না।
  • নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
  • সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া করোনা সম্পর্কিত বিভিন্ন ভুল তথ্য বা গুজব এড়িয়ে চলুন।

তথ্য কৃতজ্ঞতা স্বীকারঃ চায়ে চুমুক চ্যাট শো, নবভারত টাইমস

ছবিঃ গেটি ইমেজ