গল্পও কুটির ওয়েব ডেস্ক|

সারাদিন দৌড়াদৌড়ি করে কাজকর্ম করার পর দিনের শেষে নেমে আসে ক্লান্তি এবং অস্হিরতা। আর এই ক্লান্তি দূর করে নিজেকে ফুরফুরে মেজাজে মেলে ধরার একটি অন্যতম উপায় হল সুইমিং পুলে সময় কাটানো। এতে মন ভালো থাকে এবং সাথে সাঁতারের জন্য শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। তবে পুল যদি হয় তেমন সুন্দর, তাহলে তো কোনো কথাই নেই। সারা বিশ্বে এমন কিছু বিস্ময়কর সুইমিং পুল রয়েছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। বিশ্বের সেরা তালিকার কয়েকটি পুলের হদিশ এখানে দেওয়া হল।

• গোল্ড এনার্জি পুল:- এই পুলের রং দেখলেই আপনার চোখ ঝলসে যেতেই পারে। না না কোনও ভয়ের কারণ নেই। তিব্বতের লাসা শহরে অবস্থিত সেন্ট রেগিস হোটেলে গেলে আপনি দেখতে পাবেন সোনার মতো উজ্জ্বল জলের পুল। ১৪ ক্যারাটের সোনার তৈরি টাইলস দিয়ে বাধানো এই পুলটির তলদেশ। তার প্রতিফলনই জলের মধ্যেও হয়।

• ইনফিনিটি পুল:- এই পুলটি সিঙ্গাপুরের মেরিনা বে-তে অবস্থিত। যা ৫৭ তলায় একটি বিলাসবহুল হোটেলের ছাদে অবস্থান করছে। এই পুলের প্রধান বৈশিষ্ট্য হল পুল থেকে মেরিনা বে’র সূর্যাস্ত দেখা যায়। এছাড়া ছাদের উপরে অবস্থিত হওয়ায় মাথার উপর নীল আকাশে পুলটি কে আরও নীলাভ দেখায়।

• লাইব্রেরি পুল:- এই পুলের অন্যতম আকর্ষণ হল পুলের জল। যার রং গাঢ় লাল বর্ণের। থাইল্যান্ডের কো সামুইয়ের একটি বিলাসবহুল হোটেলে অবস্হিত এই পুল। এই পুলের জল লাল দেখানোর একমাত্র কারণ হল মেঝের টাইলসগুলি উজ্বল হলুদ, কমলা ও লাল রঙের তৈরি।

• কেভ পুল:- আগামী গরমের ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন গ্রিসের স্যানটোরিনি কেভ পুলে। এটি যথার্থই একটি প্রাকৃতিক পুল। কারণ এই পুলটি পাহাড়ের নীচে একটি গুহার মধ্যে অবস্থিত। বাইরে যতই গরমের দাবদাহ থাকুক না কেনো এই পুলের জল সবসময় হিমশীতল থাকে।

• রেঠি রাহ:- এই পুলের আকর্ষণ হল এটি সমুদ্রের সাথে সংযুক্ত। পুলের কৃত্তিম প্রাচীর সমুদ্র থেকে আলাদা করে পুলটিকে। মালদ্বীপের রেঠি রাহ হোটেলে অবস্হিত এই পুল।

• ওবেরয় উদয় ভিলা:- এ দেশের রাজস্থানে গেলেই আপনি পাবেন রাজকীয় ধাঁচে তৈরি এই ভিলা। এখানে রয়েছে একটি সুবিশাল উন্মুক্ত পুল। পুলের মধ্যে সাঁতার কাটতে কাটতেই আপনি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য।

• ক্যামব্রিয়ান পুল:- সুইজারল্যান্ডের ক্যামব্রিয়ানে অবস্থিত এই পুলটি। যার চারপাশে শুধুই বরফে ঢাকা পাহাড়। তবে বিস্ময়ের বিষয় এই পুলের জল সারা বছরই উষ্ণ থাকে।

• দ্য সরোজিন খাও লাক:- এই বিলাসবহুল হোটেলটি থাইল্যান্ডের খাও লাকে অবস্থিত। এই হোটেলের পুলে আপনি পাবেন অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তাই সহজেই পর্যটকের একটি প্রিয় গন্তব্যস্থলে হয়ে উঠেছে এই পুলটি।

• উবাদ হোটেল:- ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত বিশ্বের অন্যতম এই হোটেলটি বৃষ্টি অরণ্যের উপরে অবস্থিত । উবাদ হোটেলে দুটি পুল রয়েছে। হোটেলের ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরেই রয়েছে। যা আপনার মন ছুঁয়ে যাবে।

ছবি সুত্রঃ প্যারাডাইস মোমেন্ট,প্রিন্টেরেস্ট,গ্রিস ইস,ব্লাজে প্রেস, বুকিংকম প্রেস